গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই সার ও কীটনাশক ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলার চর মজলিশপুর এলাকায় কৃষিপণ্য বিক্রয়ে অনিয়ম প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসিব হাসান খান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুল হায়দার ও গোয়ালন্দ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে সার ও কীটনাশক ব্যবসায়ী রুবেল ফকিরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫১ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সার বিক্রির দায়ে কুদ্দুস ফকির নামে অপর এক ব্যবসায়ীকে একই ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকেও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুল হায়দার বলেন, কৃষকদের স্বার্থ ও জনস্বার্থে সার ও কীটনাশক বিক্রিতে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.