শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিস শেখকে (৪৫) নড়াইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের দাবি, মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারতে পালিয়ে যান জামাল। সেখানে কয়েক মাস কারাভোগ শেষে দেশে ফিরে আবারও কন্ট্রাক্ট কিলিংয়ে জড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।
গ্রেপ্তার জামাল পত্তনদার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মোল্লাপাড়ার হোসেন পত্তনদারের ছেলে। নিহত রিপন মন্ডল একই ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মোহন মন্ডলের ছেলে।
র্যাব জানায়, রোববার বিকেলে গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল র্যাব-৬-এর সহযোগিতায় নড়াইল সদর থানার কালিয়া রোডের ভবানীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় জামাল পত্তনদারকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া এলাকায় গুলি করে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডলকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত জামাল পত্তনদারকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর মৃত্যুদণ্ড এড়াতে তিনি ভারতে পালিয়ে যান।
র্যাব আরও জানায়, ২০২৫ সালের ১০ আগস্ট ভারতের মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সিআইইউ দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে জামালকে গ্রেপ্তার করে। কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে আনুমানিক দুই মাস আগে কৌশলে পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।
বাংলাদেশে ফেরার পর র্যাব তার ওপর বিশেষ নজরদারি শুরু করে। গোয়েন্দা ও স্থানীয় সূত্রে জামালের পুনরায় কন্ট্রাক্ট কিলিংয়ে জড়ানোর প্রস্তুতির তথ্য পায় র্যাব। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে নড়াইলের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, জামাল পত্তনদার রিপন মন্ডল হত্যা মামলা ছাড়াও দুটি অস্ত্র, দুটি মাদক, একটি ডাকাতির প্রস্তুতি এবং একটি চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তারের পর জামাল পত্তনদারকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল পত্তনদারকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.