কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের তুলপাই গ্রামে চলাচলের রাস্তা ও অন্যের জমি দখল করে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তার অংশ এবং সাবেক ইউপি সদস্য মোহাম্মদ তাজুল ইসলামের তুলপাই-ফতেপুর মৌজার ৬ শতাংশ জমির উত্তর-পশ্চিম পাশের জায়গার কিছু অংশ দখল করে ইটের সীমানা প্রাচীর নির্মাণ করছেন একই গ্রামের মৃত সরবত আলীর ছেলে আলী হোসেন।
ভুক্তভোগী তাজুল ইসলাম জানান, তার জায়গা দখল করে আলী হোসেন জোরপূর্বক দেয়াল নির্মাণ করছেন। একই সঙ্গে বাড়ির চলাচলের রাস্তার অংশও দখল করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সালিশকারীদের একাধিকবার জানিয়ে বাধা দেওয়া হলেও নির্মাণকাজ বন্ধ হয়নি বলে দাবি তার।
তাজুল ইসলাম আরও জানান, তাদের বাড়ির পশ্চিম পাশে ফসলি মাঠে যাতায়াতের জন্য সরকারি বড় একটি খাস জায়গা রয়েছে। ওই জায়গার দুই পাশের অংশও স্থানীয়দের কেউ কেউ দখল করে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি। এতে কৃষকেরা ফসলি মাঠ থেকে উৎপাদিত ফসল বাড়িতে আনতে এবং কৃষিকাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি মাঠে নিতে সমস্যায় পড়ছেন।
এ বিষয়ে তাজুল ইসলাম বাদী হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে অভিযোগ দায়ের করেছেন। আগামী বুধবার (২ সেপ্টেম্বর) অভিযোগটির শুনানির তারিখ নির্ধারিত রয়েছে। তবে শুনানির আগেই আলী হোসেন দেয়াল নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
তাজুল ইসলাম বলেন, “আলী হোসেন জোরপূর্বক আমার জায়গা দখল করে দেয়াল নির্মাণ করছেন। পাশাপাশি চলাচলের রাস্তার অংশও দখলে নেওয়া হচ্ছে। আমি ন্যায়বিচারের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।”
অভিযোগ অস্বীকার করে আলী হোসেন বলেন, “আমার জায়গায় আমি দেয়াল নির্মাণের কাজ শুরু করেছি। আমি কারও জায়গা দখল করিনি।”
পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, “তাজুল ইসলাম বাদী হয়ে গ্রাম আদালতে একটি অভিযোগ করেছেন। আগামীকাল দুই পক্ষকে নিয়ে শুনানির তারিখ রয়েছে। শুনানির আগে আলী হোসেন বাউন্ডারি দেয়াল নির্মাণ করছেন বলে বিষয়টি জানতে পেরেছি।”
এলাকাবাসী দুই পক্ষের বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং রাস্তা ও জমির সীমানা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.