নিজস্ব প্রতিবেদক
বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কুষ্টিয়ায় জেলা বিএনপির উদ্যোগে দুপুরে কুষ্টিয়া পৌর চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় এমপি আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন।
বরিশালের আগৈলঝাড়ায় সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের রাজনীতিতে দলটির ভূমিকা এবং গণতন্ত্র ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করেন।
নড়াইলে সকাল থেকেই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল ১১টার দিকে শহরের চৌরাস্তা থেকে ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড ও বাদ্যযন্ত্রসহ একটি র্যালি বের হয়। পরে পুরাতন বাস টার্মিনালের মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বিএনপি এ দেশের জনগণের অধিকার আদায়ের দল। তিনি নেতাকর্মীদের সুসংগঠিত থেকে জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে বৃক্ষরোপণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাসস্ট্যান্ড মোড় থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
সুনামগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে দুপুর ১২টায় পুরাতন বাসস্টেশন এলাকা থেকে বিশাল শোভাযাত্রা বের হয়। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে হাজারো নেতাকর্মী এতে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা হোসেন বখত চত্বরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
সিরাজগঞ্জের চৌহালীতে টানা বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আয়োজনে কাঁঠালবাগান চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলামের সঞ্চালনায় সভায় দলের নেতাকর্মীরা বক্তব্য দেন।
রাজশাহীর দুর্গাপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে। ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সাতক্ষীরার শ্যামনগরেও বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সোলাইমান কবিরের সভাপতিত্বে নকিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মনিরুজ্জামানসহ স্থানীয় নেতারা। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
দিনাজপুরের বিরামপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। বিকেলে দলীয় কার্যালয় থেকে বের হওয়া শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পল্লবী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। এ অনুষ্ঠানে জাতীয় পার্টির বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফিজুল বিএনপিতে যোগ দেন। তিনি মন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
পটুয়াখালীর কলাপাড়ায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির নেতারা বক্তব্য দেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
গাজীপুরের কালীগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এ কে এম ফজলুল হক মিলন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সময়ে জিয়াউর রহমান বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনৈতিক মতাদর্শের মানুষকে একটি জাতীয়তাবাদী রাজনৈতিক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন। সভা শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা মিছিলসহ কর্মসূচিতে যোগ দেন।
যশোরের মনিরামপুরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বৃক্ষরোপণ এবং হরিহর নদে মাছের পোনা অবমুক্ত করা হয়। অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া ও আর্থিক সহায়তা প্রদানও করা হয়। বিকেলে শহীদ মশিউর রহমান অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে বিশাল শোভাযাত্রা বের করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
নওগাঁর মান্দায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এতে উপজেলার ১৪ ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ময়মনসিংহের নান্দাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে আয়োজিত র্যালিতে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অংশ নেন। বাদ্যযন্ত্র ও নানা আয়োজনের মধ্য দিয়ে র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বিএনপির প্রতিষ্ঠা ও রাজনৈতিক ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন নেতারা।
ফরিদপুরে মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ব্রাহ্ম সমাজ সড়ক থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এতে মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
গাজীপুরেও বৃষ্টির মধ্যে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। জয়দেবপুর চৌরাস্তা থেকে শুরু হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। এতে ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি, ব্যানার ও ফেস্টুনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এদিকে বাগেরহাটের কচুয়ায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং শিক্ষার্থীদের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনীগ্রন্থ বিতরণ করা হয়। পাশাপাশি ‘ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে ফুটবল বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।
নওগাঁর আত্রাইয়ে বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও গণতান্ত্রিক আন্দোলনের কথা তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সাতক্ষীরার দেবহাটায় বিকেল ৪টায় পারুলিয়া বাসস্টেশন এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
পটুয়াখালীর দুমকিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাবেক বিএনপি নেতা মতিউর রহমান দিপু। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
নেত্রকোনার খালিয়াজুরীতে টানা বৃষ্টি উপেক্ষা করে দুপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। নতুন বাজার থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রউফ স্বাধীন ও সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান তালুকদার কেষ্টসহ স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি। বিভিন্ন জলাশয়ে রুই, বাটা, পুঁটিসহ দেশীয় মাছের পোনা অবমুক্ত এবং সড়কের পাশে কৃষ্ণচূড়া, মেহগনি ও পাহাড়ি নিমসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে জনকল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার সঙ্গে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে নোয়াখালীতে জেলা বিএনপির আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহাজাহান বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতির মূল লক্ষ্য দেশের মানুষের কল্যাণ এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। তিনি বলেন, দেশের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; কর্মসংস্থান, কৃষকের ন্যায্য অধিকার, তরুণদের ভবিষ্যৎ, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপস না করে দল-মত নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
বিভিন্ন স্থানের এসব কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা দলের ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.