গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, “জ্বালানিবিহীন বাংলাদেশে, বিদ্যুৎ সংকটের বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রত্যেক ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করে ছাড়ব।”
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশালের গৌরনদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, “পলাতক ও পরাজিত ফ্যাসিবাদ দেশের মাটির নিচে থাকা খনিজ সম্পদ উত্তোলন না করে অর্থ লুটের উদ্দেশ্যে আমদানিনির্ভর জ্বালানি নীতি তৈরি করে গেছে। একদিকে বৈদেশিক মুদ্রা পাচার করেছে, অন্যদিকে আমদানিনির্ভর জ্বালানি নীতি গ্রহণ করেছে। এর মধ্যে আবার মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে যখন লোডশেডিং হচ্ছে, চার হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং মোকাবিলা করতে হচ্ছে, তখন মানুষের অভিযোগ, কান্না ও দুশ্চিন্তার দায় যারা এই পরিস্থিতি তৈরি করেছে তাদেরই নিতে হবে।”
তিনি বলেন, “তবুও এই সমস্যার সমাধান আমাদেরই করতে হবে। সর্বশক্তিমানের প্রতি আস্থা রেখে আমরা বলতে পারি, দুর্ভিক্ষের বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, তেমনি আজকের জ্বালানিবিহীন ও বিদ্যুৎ সংকটের বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রত্যেক ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করে ছাড়ব।”
বিএনপির প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বিএনপির জন্মের আগে বাংলাদেশের রাজনীতি একটি জটিল ঘূর্ণাবর্তের মধ্য দিয়ে গেছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সামরিক বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দেশের মানুষের খাদ্যের নিশ্চয়তা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা এবং গার্মেন্টস শিল্পের যাত্রা শুরুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দলের পতাকা নিয়ে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন। সর্বশেষ জুলাইয়ের গণঅভ্যুত্থানেও শহীদ আবু সাঈদ, ছাত্রদল কর্মী ওয়াসিমসহ অনেক নেতা-কর্মী প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে গেছে। গণতন্ত্রের জন্য ২২১ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও তিনি দাবি করেন।
শেখ হাসিনার প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, “ফ্যাসিবাদী শাসকেরা সামাজিকভাবে বয়কট হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে কারাগারে যেতে হবে।”
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রফিকুল ইসলাম কাজল, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিএনপি নেতা জহুরুল ইসলাম জহির, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুর আলম খান সেন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
এ ছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন, নারীনেত্রী তাসলিমা বেগম, উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন মাস্টার, গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান পান্নু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন মোল্লা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হীরা রহমান সাদ্দাম ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম।
এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টায় জহির উদ্দিন স্বপন গৌরনদী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.