পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরপাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের খোলাপাড়া এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে।
আহতরা হলেন—বোদা উপজেলার থানাপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৪৮), বেংহারী কার্জিপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৭০) এবং বোদা সদর ইউনিয়নের নাসির মণ্ডলহাট এলাকার বেলাল হোসেন (৫২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে কয়েকজন যাত্রী নিয়ে পঞ্চগড় থেকে বোদা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হন ইজিবাইকচালক শহিদুল ইসলাম। পথে বোদা পৌরসভার নাজিরপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড়গামী একটি তেলবাহী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে চালকসহ চারজন ছিটকে পড়ে গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর ট্রাকটি পেছনে নেওয়ার সময় ইজিবাইকচালক শহিদুল ইসলামের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। একই সঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়।
এদিকে দুর্ঘটনার পর ট্রাকচালক তেলবাহী ট্রাকটি নিয়ে পালিয়ে যান বলে জানা গেছে। পরে পঞ্চগড় ট্রাক টার্মিনাল এলাকায় ট্রাকটি রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান। খবর পেয়ে বোদা হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি জব্দ করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তেলবাহী ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। সড়ক অবরোধের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.