জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাঁচবিবি উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তোফাজ্জল হোসেন।
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক জয়নুল মাহমুদ আবেদীন, ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রানা এবং সহসাধারণ সম্পাদক মোজাফফর রহমান সাজাসহ সংশ্লিষ্টরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষক ও অভিভাবকদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিষ্ঠান ও কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.