দৌলতপুর( কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী থানায় দায়ের করা এক স্কুলছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেশী বৃদ্ধ তাহাজুদ্দিন মন্ডলকে (৬৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত তাহাজুদ্দিন মন্ডল কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের মিরপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন মন্ডলের ছেলে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২০ সালের ২৪ অক্টোবর রাতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে কুমারখালী থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ৩০ নভেম্বর কুমারখালী থানার চৌরঙ্গী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আজাদ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, সাক্ষ্য-প্রমাণ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ডের রায় দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.