দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নানা অনিয়ম, দুর্নীতি ও রোগী হয়রানির অভিযোগে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে দুদকের কর্মকর্তারা প্রথমে সাধারণ রোগীর ছদ্মবেশে হাসপাতালে গিয়ে সেবা ব্যবস্থার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন। পরে দুপুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিভাগে অভিযান ও নথিপত্র যাচাই করেন তারা।
দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সুরাইয়া সুলতানার নেতৃত্বে চার সদস্যের একটি দল দুপুর সাড়ে ১টার দিকে অভিযান শুরু করে। এ সময় তারা হাসপাতালের ব্লাড ব্যাংক, রান্নাঘর, অপারেশন থিয়েটার (ওটি), সিসিইউসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করেন।
অভিযানের আগে দুদকের দুই কর্মকর্তা সাধারণ রোগীর পরিচয়ে হাসপাতালের বহির্বিভাগে টিকিট কেটে চিকিৎসাসেবা নিতে যান। এ সময় তারা হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য, প্যাথলজি বিভাগের অব্যবস্থাপনা এবং চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীদের নানা ভোগান্তির বিষয় সরাসরি পর্যবেক্ষণ করেন।
এ ছাড়া হাসপাতালের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। অভিযানের সময় বিভিন্ন অনিয়মের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুদকের তদন্ত দলের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো প্রতিবেদন বা লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ বা তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.