নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০টি মিটারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসন। এ সময় অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে এক বাড়ির মালিক ও তিন ভাড়াটিয়াকে মোট ৫৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতি-২, নরসিংদীর সহযোগিতায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে এক বাড়ির মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই অপরাধে আরও তিন ভাড়াটিয়াকে মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। এ অভিযানে সর্বমোট ৫৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
মামলাগুলোতে প্রসিকিউশন পরিচালনা করেন পল্লী বিদ্যুৎ সমিতি-২, নরসিংদীর এজিএম (অর্থ) গিয়াসউদ্দিন খান।
অভিযানে র্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ চুরি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.