স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়ায় কালোবাজারে সার বিক্রির অভিযোগে ৪০ বস্তা সারসহ একটি নসিমন আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সার ও নসিমনটি জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালনা-লাহুড়িয়া সড়কের শালনগর ইউনিয়নের মাকড়াইল এলাকার বটতলা থেকে স্থানীয় লোকজন নসিমনটি আটক করেন।
স্থানীয়রা নসিমনটি আটকের পর প্রশাসনকে খবর দেন। পরে রাতেই লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা ও লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৪০ বস্তা সারসহ নসিমনটি জব্দ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার ফেদি বাজারের চার-পাঁচটি দোকান থেকে সারগুলো সংগ্রহ করে নসিমনে লাহুড়িয়া বাজারের সারের সাব-ডিলার আলিম মোল্যার দোকানে নেওয়া হচ্ছিল।
সারের সাব-ডিলার আলিম মোল্যা বলেন, ‘এলাকার কৃষকদের মধ্যে সার-সংকট থাকায় এবং তার দোকানে সার না থাকায় ফেদি বাজারের চার-পাঁচটি দোকান থেকে ৪০ বস্তা সার কিনে নসিমনে করে নিয়ে আসছিলেন। পথেই স্থানীয় লোকজন নসিমনটি আটক করেন।’
লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে সারসহ নসিমনটি জব্দ করা হয়েছে। তবে সার পাচারের বিষয়টি তদন্তাধীন রয়েছে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযুক্ত সাব-ডিলারের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.