দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকীতে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত ও সঠিক চিকিৎসাসেবায় সুস্থ হয়ে বাড়ি ফিরছেন রোগীরা। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১৫ জন ডেঙ্গু রোগীর মধ্যে ১১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চারজন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, জ্বর ও তীব্র শরীর ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে রোগীরা হাসপাতালে আসছেন। তাদের দ্রুত ডেঙ্গু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসাধীন রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
চিকিৎসাধীন রোগী মো. আ. রশিদের এক স্বজন জানান, রোগীর ডেঙ্গু শনাক্ত হওয়ার পর প্রথমে আতঙ্ক তৈরি হয়েছিল। তবে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।
দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহীন জানান, হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত কিট ও প্রয়োজনীয় ওষুধের মজুত রয়েছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা। বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.