টুঙ্গিপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা লেগে আল রাফি (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। আহত দুজনই মাদ্রাসাছাত্র বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল রাফি কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা। সে দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম আল আমিন। কয়েক দিন আগে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিল রাফি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তিনজন একটি মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আল রাফিকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অপর দুই মাদ্রাসাছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত তিনজনকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আল রাফিকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.