জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে দুই দিনের সরকারি সফরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ সময় তাঁর গাড়িতে থাকা স্ত্রী নাজমা বেগম অক্ষত থাকলেও প্রতিমন্ত্রী, তাঁর গাড়িচালক ও এক নারী পথচারী আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন প্রতিমন্ত্রী। সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজের পূর্ব পাশে হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় এক পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের ফসলের মাঠে গিয়ে পড়ে। স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে প্রতিমন্ত্রীকে উদ্ধার করে সড়কে তুলে আনেন।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী হাঁটু ও দুই পায়ে আঘাত পেয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর গাড়িচালকও আহত হয়েছেন। এ ঘটনায় আহত এক নারী পথচারীকে প্রথমে বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে জয়পুরহাটের কালাই পৌরশহরের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, “দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। গাড়িটি রাস্তা থেকে ফসলের মাঠে পড়ে গিয়ে স্থির হয়ে যায়। এতে আমার হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছি।”
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, জয়পুরহাটে আসার পথে রাস্তা পারাপারের সময় এক পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফসলের মাঠে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। প্রতিমন্ত্রী সামান্য আঘাত পেয়েছেন। আহত নারী পথচারী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.