বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
‘শুধু কাপড় পরিষ্কার করলেই হবে না, আমাদের মন ও পরিবেশও পরিষ্কার রাখতে হবে’—এ মন্তব্য করেছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বরিশালের বাকেরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিডি ক্লিনের সহযোগিতায় পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন এমপি আবুল হোসেন খান।
এ সময় তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সমাজের প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজের ঘরবাড়ির পাশাপাশি রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও আশপাশের পরিবেশও পরিষ্কার রাখতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশ দূষণ রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি মানুষের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল, পৌরসভা বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা সুমনসহ বিডি ক্লিনের সমন্বয়ক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.