গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত আল রাফি (১৪) নামে এক স্কুলছাত্রের পর চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিন (১৭) নামে আরও এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত ইয়াছিন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওরা গ্রামের বাসিন্দা। সে টুঙ্গিপাড়া থানাধীন পাচকাহনিয়া মাদ্রাসার মিঝান জামাতের শিক্ষার্থী ছিল।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তিনজন একটি মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল রাফিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত ইয়াছিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিনের মৃত্যু হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এ ঘটনায় আহত অপর মাদ্রাসাছাত্রও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ইয়াছিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন আহত হয়েছিলেন। তাদের মধ্যে আল রাফি ও ইয়াছিনের মৃত্যু হয়েছে। ইয়াছিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.