হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী। প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সম্পাদক দিলীপ রায়, বাংলাদেশ হিন্দু কল্যাণ ঐক্য ফ্রন্টের আহ্বায়ক মহন্ত হালদার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা শাখার সদস্য সচিব তরুণ সাহা এবং জন্মাষ্টমী উদযাপন কমিটির সম্পাদক নারু গোপাল পালসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মনতোষ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি দিলীপ রায়সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অধর্ম ও অশুভ শক্তির বিনাশ এবং সত্য, ন্যায় ও মানবতার প্রতিষ্ঠার বার্তা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। তাই জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধেরও বার্তা বহন করে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরানী মন্দিরে গিয়ে শেষ হয়। পরে শোভাযাত্রায় অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগবালাই থেকে মুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.