রাজু দত্ত, মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, কুইজ ও গীতার শ্লোক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়।
সকাল ১১টায় জন্মাষ্টমী উদযাপন পরিষদ কমলগঞ্জের উদ্যোগে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ি প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দুর্গাবাড়ি প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কমলগঞ্জের আহ্বায়ক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে এবং সঞ্জয় কান্তি দের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন এবং কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুঈদ আশিক চিশতী।
এ সময় বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য শংকর লাল সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন দত্ত, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কমলগঞ্জের যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর ও সদস্য সচিব অর্জুন দেবসহ অনেকে।
বিকেল সাড়ে ৩টায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ ও গীতার শ্লোক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, প্রশংসাপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার।
অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। দিনব্যাপী এ আয়োজনে সহস্রাধিক ভক্তের সমাগম ঘটে।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে স্থানীয় কালীবাড়িতে দুই দিনব্যাপী এবং পাত্রখোলা চা বাগানে পাঁচ দিনব্যাপী নামসংকীর্তনসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়াও উপজেলার মুন্সীবাজার, রহিমপুর, দেওছড়া চা বাগান, মাধবপুর, আলীনগর, পতনঊষার, আদমপুর ও ইসলামপুরসহ বিভিন্ন এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.