মো.জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার মহাজন ঘষিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারক চন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাবসহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের সাবেক সভাপতি গাজী সেলিম আহমেদ। একই সঙ্গে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
লিখিত অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষক বিদ্যালয় থেকে নির্ধারিত বেতনের চেয়ে অতিরিক্ত অর্থ উত্তোলন করেছেন। এছাড়া বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনায় প্রধান শিক্ষকের কাছে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা থাকার অভিযোগও করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, সভাপতির অনুমোদন ছাড়া চেকে স্বাক্ষর করিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন, শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি বাবদ আদায়কৃত অর্থের সম্পূর্ণ অংশ ব্যাংকে জমা না দেওয়া এবং ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের ক্যাশবই নিয়মিত হালনাগাদ করা হয় না এবং আয়-ব্যয়ের কোনো লেজার ব্যবহার করা হয় না বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না এবং শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন বলেও অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।
তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রধান শিক্ষক তারক চন্দ্র। তিনি বলেন, “আমি যোগদানের পর থেকে বিদ্যালয়ের আয়-ব্যয়ের সব ডকুমেন্ট সংরক্ষিত রয়েছে।”
সভাপতির অনুমোদন ছাড়া চেকে স্বাক্ষর করিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলনের অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক বলেন, “তৎকালীন সভাপতি বিশ্ব সাহা ব্যবসায়িক কাজে প্রায়ই বাইরে থাকতেন। বিদ্যালয়ের প্রয়োজনে টাকা উত্তোলনের প্রয়োজন হলে তিনি তাঁর পিএসের মাধ্যমে স্বাক্ষর করা একটি চেক পাঠিয়ে দিতেন। পরদিন ওই চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা হতো। এ বিষয়ে সভাপতি অবগত ছিলেন।”
তিনি আরও বলেন, “একটি মহল বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পূর্বের দায় আমার ওপর চাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”
অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর প্রকৃত ঘটনা ও অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.