বুটেক্স প্রতিনিধি
ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন করেছেন সনাতনী শিক্ষার্থীরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় উপাসনালয়ে সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেন। এছাড়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকার ভক্তরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সন্ধ্যা আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে রাত সাড়ে ৮টায় শ্রীরূপ অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য সাত্ত্বিক প্রসাদেরও ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে বুটেক্সের ৫০তম ব্যাচের পক্ষ থেকে ৫১তম ব্যাচের শিক্ষার্থীদের আগমনী শুভেচ্ছা জানানো হয়। এ সময় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী সুব্রত কুমার পাল শুভেচ্ছা বক্তব্য দেন।
বক্তব্যে সুব্রত কুমার পাল কেন্দ্রীয় উপাসনালয়ে নিত্যপূজা ও ধর্মীয় বিধি পালনের বিদ্যমান সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। পাশাপাশি ধর্মীয় ও সাংগঠনিক কার্যক্রমে সিনিয়র-জুনিয়র নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান প্রসঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সুশান্ত চৌধুরী বলেন, “প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বুটেক্সের কেন্দ্রীয় উপাসনালয়ে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সত্য ও ন্যায়ের বিজয়ের বার্তাও বহন করে।”
তিনি আরও বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং মানবকল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করে। বুটেক্সের মতো একটি প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় করে।”
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী লিমা দাস বলেন, “ক্যাম্পাসে আসার পর এটিই আমাদের ব্যাচের প্রথম ধর্মীয় অনুষ্ঠান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকল সিনিয়র ভাই-বোনের প্রতি আমরা কৃতজ্ঞ।”
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বুটেক্সের সনাতনী শিক্ষার্থীদের আয়োজনে জন্মাষ্টমীর অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.