মো. ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে প্রয়াত বাবলু ও ভুট্টোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত ‘বাবলু ও ভুট্টো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে পীরগঞ্জ একাডেমি, রংপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গাইবান্ধার ভাই ব্রাদার্স একাদশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিরামপুরের ঐতিহ্যবাহী আনসার মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। বিরামপুর ভিক্টর স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং হিরোস অব এইচএসকে-এর সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ফাইনালে শুরু থেকেই পীরগঞ্জ একাডেমি ও ভাই ব্রাদার্স একাদশের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ণ লড়াই হয়। প্রথমার্ধে এক গোল করে এগিয়ে যায় পীরগঞ্জ একাডেমি। ম্যাচের শেষদিকে গোল করে সমতায় ফেরে ভাই ব্রাদার্স একাদশ। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ফল গড়ায় ট্রাইব্রেকারে। শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে পীরগঞ্জ একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় গাইবান্ধার ভাই ব্রাদার্স একাদশ।
টুর্নামেন্টে বিরামপুর, পার্বতীপুর, সৈয়দপুর, পীরগঞ্জ, দাউদপুর, পাঁচবিবি, ঘোড়াঘাট ও গাইবান্ধার আটটি দল অংশ নেয়। গত ২ আগস্ট উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা।
ফাইনাল ঘিরে আনসার মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে কৃতী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।
আয়োজকরা বলেন, প্রয়াত বাবলু ও ভুট্টোর স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এস এম কাদিরুজ্জামান প্রিন্স, তানিম স্যানেটারি, সহযোগী প্রতিষ্ঠান, খেলোয়াড়, অতিথি ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.