দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। মাদকের বিস্তার রোধ, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং এলাকা মাদকমুক্ত করার দাবিতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর মালিথাপাড়া এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয়দের অভিযোগ, সিরাজনগর মালিথাপাড়া ও আশপাশের এলাকায় সম্প্রতি মাদকসেবী ও মাদক কারবারিদের আনাগোনা বেড়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের অপতৎপরতাও বৃদ্ধি পেয়েছে। এতে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে বলে দাবি তাদের।
এমন পরিস্থিতিতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সচেতন যুবসমাজ ও সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে রাস্তায় নামেন। তারা মাদক কারবারি ও মাদকসেবনের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মিছিলে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় এ অঞ্চলে মাদকের বিস্তার দিন দিন বাড়ছে। মাদকসেবীদের বেপরোয়া আচরণে সাধারণ মানুষ অতিষ্ঠ। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের সামাজিক আন্দোলন ও প্রতিরোধ অব্যাহত থাকবে।
মাদকবিরোধী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ফিলিপনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রুহুল মেম্বার, ফিলিপনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান, ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোস্তফা, বাবুল মালিথা ও শফিউল ইসলাম টাংগোর।
ফিলিপনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রুহুল মেম্বার বলেন, এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের আনাগোনা বেড়ে গেছে। তাদের নির্মূলের দাবিতে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল পুলিশের সহযোগিতা চেয়ে বিক্ষোভ মিছিল করেছে।
এলাকাবাসী মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তি ও মাদকসেবীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দৌলতপুর থানা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আনাগোনা বেড়ে যাওয়ায় এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিক্ষোভ মিছিল করেছেন। স্থানীয়রা এভাবে পুলিশকে সহযোগিতা করলে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশ সব সময় কঠোর অবস্থানে রয়েছে। প্রতিটি এলাকার মানুষ মাদক কারবারিদের চিহ্নিত করে পুলিশকে তথ্য দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.