নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট, বই ও শিক্ষা উপকরণ দেওয়া হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গার্ডিয়ান পাবলিকেশন্সের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক নোমান হোসেন নয়ন। এ ছাড়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি তুলে ধরেন। শিক্ষার্থী ও অভিভাবকরাও এ আয়োজনের প্রশংসা করেন।
নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী শুভমিতা রায় বলেন, ‘এই সংবর্ধনার মাধ্যমে আমাদের উৎসাহ আরও বেড়েছে। ভবিষ্যৎ জীবনে কীভাবে আরও ভালো করা যায়, সে বিষয়ে আমরা দিকনির্দেশনা পেয়েছি। নিয়মিত এ ধরনের আয়োজন করা হলে শিক্ষার্থীরা ভবিষ্যতে সফল হওয়ার ক্ষেত্রে আরও উৎসাহিত হবে।’
রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক মাহিদ বলেন, ‘শিবির সম্পর্কে অনেকের কাছ থেকে বিভিন্ন কথা শুনেছি। তবে এই অনুষ্ঠানে এসে আমার ধারণা পরিবর্তন হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে তারা কাজ করে। ভবিষ্যৎ জীবনে চলার ক্ষেত্রে অনুষ্ঠানে দেওয়া দিকনির্দেশনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি আজহারুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার জন্য আমরা বিনামূল্যে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করি। এতে ছয় শতাধিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। তাদের ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উন্নয়ন ও ভবিষ্যৎ জীবন পরিকল্পনা নিয়ে ছাত্রশিবির সব সময় কাজ করে। তারই অংশ হিসেবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ‘যোগ্য মানুষ তৈরির কারিগর ছাত্রশিবির। আজকের এসব মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য তাদের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.