কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, গত ১৭ বছরে দেশে কোনো গ্যাসকূপ খনন করা হয়নি। এমনকি গ্যাস অনুসন্ধান, খনন ও উত্তোলনে কার্যকর কোনো পরিকল্পনাও নেওয়া হয়নি। এর ফলে বর্তমানে দেশে গ্যাসের সংকট দেখা দিয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। গ্যাসনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলোও উৎপাদন চালাতে পারছে না। বিদ্যুৎ সংকট নিরসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিন-রাত কাজ করছেন। মধ্যপ্রাচ্য থেকে গ্যাস এনে দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে বলেও তিনি দাবি করেন।
আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা এসব হুমকিতে ভয় পায় না। বিএনপি হুমকি-ধমকির রাজনীতিতে বিশ্বাস করে না এবং প্রতিহিংসার রাজনীতিও করে না। এরপরও নেতাকর্মীদের হুমকি দেওয়া হলে তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে এস এম জিলানী বলেন, নির্বাচনের আগে সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, ভোটের কালি আঙুল থেকে মুছে যাওয়ার আগেই সেগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ১০ হাজার টাকা করে সুদসহ কৃষিঋণ মওকুফ এবং ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি বৃক্ষরোপণ ও খাল খননের কাজও শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কোটালীপাড়া পৌর মার্কেট চত্বর থেকে শুরু হয়ে উপজেলার শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, উপজেলা বিএনপির সিনিয়র নেতা রফিকুল ইসলাম হাওলাদার, কাজী অমিত মাহমুদ, ফায়েকুজ্জামান শেখসহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.