ফরিদপুর প্রতিনিধি
বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও বিগত আওয়ামী লীগ সরকার গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ না নেওয়ায় দেশে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, “বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা রয়েছে। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ না নেওয়ায় দেশে আজ সংকট তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পরিকল্পনা রয়েছে। অচিরেই বিদ্যুৎসহ গ্যাসনির্ভর বিভিন্ন খাতে উন্নতির গতি আরও বাড়বে।”
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপি কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ডকে সমর্থন করে না। যারা কোনো অন্যায় করেননি, তাদের যেন অন্যায়ভাবে হয়রানি করা না হয়—এ বিষয়ে দলের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে।”
তিনি আরও বলেন, বিএনপির নেতা তারেক রহমানও কাউকে অন্যায়ভাবে হয়রানি না করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, ওই সময়ে শিক্ষা, কৃষিসহ দেশের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব খাত পুনর্গঠন ও উন্নয়নে বিএনপি কাজ করবে বলেও তিনি জানান।
এর আগে বিকেলে নগরকান্দা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালিটি। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালিতে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন শামা ওবায়েদ ইসলাম রিংকু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মাহাবুব আলী মিঞা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মো. ফজলুর রহমান, সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমন, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, তালুকদার মোরাদ হোসেন, জামাল মাতুব্বর ও মাহমুদ হাসান বাবুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
র্যালি শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু নগরকান্দার একটি উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। পরে তিনি গাছের চারা রোপণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.