আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
“শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়”—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় শিশুশ্রমবিষয়ক প্রোগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এ সভার আয়োজন করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফছার আলী ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা।
সভায় ইউপি সদস্য আজগার আলী, আব্দুল হাই, মাধবী রানী মন্ডল, রেহেনা পারভিন, শরিফুল ইসলাম, কামাল হোসেন, আব্দুল জলিল এবং সুশীলনের গ্রাম কমিটির সভাপতি ফিরোজ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, দেবহাটা সদর ইউনিয়নে প্রাথমিকভাবে ২০ শিশুর শিশুশ্রমে যুক্ত থাকার তথ্য পাওয়া যায়। এর মধ্যে ১৭ শিশুর পরিবারকে আর্থিক ও বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়ার মাধ্যমে তাদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তারা বলেন, দারিদ্র্য, অসচেতনতা ও পারিবারিক সংকটসহ নানা কারণে শিশুরা শ্রমে যুক্ত হচ্ছে। শিশুশ্রম বন্ধ করতে পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল জানান, ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের সব প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয়ের প্রতিটি শ্রেণি থেকে একজন করে শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেওয়ার ব্যবস্থা করা হবে।
এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং শিশুশ্রম থেকে শিশুদের ফিরিয়ে এনে তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.