হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে চরবাগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন যুবক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং বিষয়ে প্রয়োজনীয় কারিগরি জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমানের উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বিজিবি আশা করছে, প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত এলাকার বেকার যুবকরা কারিগরি দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। পাশাপাশি তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে স্বাবলম্বী ও নিরাপদ জীবন গড়ে তুলতে সক্ষম হবেন।
ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার মানুষের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে ৫৩ বিজিবি।
উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, চরবাগডাঙ্গা বিওপি কমান্ডারসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.