দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় হেলিকপ্টারে করে বাড়ি ফিরেছেন এক প্রবাসী। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করেন নাসির উদ্দিন শেখ। এ সময় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ও ওসি (তদন্ত) মো. মোশারফ হোসেন সেখানে উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার থেকে নেমে আসার পর নাসির উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। ভিডিওতে খোকসা থানার ওসি ও ওসি (তদন্ত)-কেও তার পাশে দেখা যায়।
নাসির উদ্দিন শেখ খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার বাসিন্দা। তিনি খোকসা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রবিন রায়হান জসিমের ছোট ভাই। স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী।
জানা যায়, সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হেলিকপ্টারে করে খোকসায় বাড়ি ফেরেন নাসির উদ্দিন। তার সঙ্গে সিঙ্গাপুরপ্রবাসী আরও দুই ব্যবসায়ী অংশীদার ছিলেন। পরে বাড়িতে একটি দোয়া অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জানা গেছে।
এদিকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, নাসির উদ্দিন আদম ব্যবসার সঙ্গে জড়িত এবং বিদেশে পাঠানোর কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেওয়া ও প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, “এ ধরনের ব্যক্তিকে আমরা ফুল দিতেও পারি না, দিইও নাই। যাদের লোক, তারাই ফুল দিয়েছে। আমরা নিরাপত্তার জন্য গিয়েছিলাম। তখন তারাই তদন্ত কর্মকর্তাকে ফুল দিয়েছে।” এ কথা বলার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
অন্যদিকে রবিন রায়হান জসিম দাবি করেন, পুলিশ কাউকে ফুল দেয়নি। তিনি বলেন, “ওসি কাউকে ফুল দেয়নি। ফুল পড়ে যাচ্ছিল কাদার মধ্যে। সেটা উনি ধরাধরি করেছে। বাড়িতে একটি দোয়া অনুষ্ঠান ছিল। সেখানে আমার ভাই ও কয়েকজন বিদেশি এসেছে।”
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলাম বলেন, “বিষয়টি আগে ভালো করে জেনে নিয়ে পরে এ বিষয়ে কথা বলতে পারব।”
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের এমন উপস্থিতি ও ফুল দেওয়ার দৃশ্য নিয়ে নানা মন্তব্য করছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.