মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
গ্রামবাংলার ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় দিনাজপুরে ব্যাপক পরিসরে তালবীজ রোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিনাজপুরের নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও বীরগঞ্জ উপজেলায় তালবীজ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায় মোট ৩০ হাজার তালবীজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, গত বছর দিনাজপুর জেলায় ১৩ হাজার তালবীজ রোপণ করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে ৩০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রোপণ করা তালগাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দিনাজপুরের জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান। তাঁর উদ্যোগ ও তত্ত্বাবধানে তালবীজ রোপণের পাশাপাশি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
তালগাছ গ্রামবাংলার চিরচেনা প্রকৃতি ও সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি মোকাবিলা, পাখির আবাসস্থল তৈরি এবং সুস্বাদু ফলের উৎস হিসেবে তালগাছের গুরুত্ব রয়েছে। ফলে দিনাজপুরের পরিবেশগত উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আগামী প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার বিষয়টিও কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নবাবগঞ্জ উপজেলার খয়েরগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের তালবীজ রোপণ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়।
এ সময় শিক্ষার্থীদের হাতে তালবীজ তুলে দিয়ে রোপণে অংশগ্রহণ করানো হয়। এর মাধ্যমে তাদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান বলেন, তালবীজ রোপণের পাশাপাশি রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা হবে। দীর্ঘমেয়াদে এসব তালগাছ দিনাজপুর জেলার পরিবেশের উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.