পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম, ওসি (তদন্ত) আব্দুল হালিম ও উপপরিদর্শক (এসআই) নাঈমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লেবু জিলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে সোহেল হাওলাদার (৩২) নামে এক ব্যক্তিকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, উপজেলার ছোট বুইচাকাঠি গ্রামে পৃথক অভিযান চালিয়ে রহমাত হাওলাদারের ছেলে আখতারুজ্জামান (২৮)কে ৫৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
এছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাইদুল তরফদার নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নাজিরপুরে মাদক কারবারি কিংবা মাদকসেবী—কাউকেই ছাড় দেওয়া হবে না। নাজিরপুরকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও জানান, গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার তিনজনকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.