উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধি ও কমিউনিটি স্কোরকার্ডের ফলাফল নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বীরগঞ্জ অফিসার্স ক্লাবের হলরুমে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এবং জিএফএ কনসালটিং গ্রুপের সহযোগিতায় নাগরিকতা-সিভিক এনগেজমেন্ট ফান্ডের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দীন মন্ডল এবং ১০ নম্বর মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিনসহ সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবায় কার্যকর প্রবেশাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি বিভিন্ন দপ্তর থেকে নাগরিকদের জন্য দেওয়া সেবাগুলো সম্পর্কে প্রান্তিক জনগোষ্ঠীকে আরও বেশি অবহিত করতে হবে। পাশাপাশি সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।
বক্তারা আরও বলেন, কমিউনিটি স্কোরকার্ডের মাধ্যমে সাধারণ মানুষের অভিজ্ঞতা, মতামত ও প্রত্যাশা জানা সম্ভব। এর ফলে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ও সেবাগ্রহীতাদের মধ্যে যোগাযোগ ও জবাবদিহিতা বাড়বে। জনগণের মতামতের ভিত্তিতে সেবার মান উন্নত করা গেলে সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থাও বৃদ্ধি পাবে।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সরকারি সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ ও প্রবেশগম্যতা আরও বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.