বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে এক বৃদ্ধার বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে টিনের দুচালা ঘর, নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় সাড়ে চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গুমেরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নুরেদা বেগম (৬০) সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী নুরেদা বেগম ওই গ্রামের মৃত আব্দুল করিমের স্ত্রী। তিনি জানান, ঘটনার সময় তিনি মেয়ের বাড়িতে বেড়াতে ছিলেন। এই সুযোগে গভীর রাতে দুর্বৃত্তরা তার বসতঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
নুরেদা বেগমের দাবি, ঘরে জমি বিক্রির নগদ দুই লাখ টাকা, আসবাবপত্র ও অন্যান্য গৃহস্থালি সামগ্রী ছিল। আগুনে এসবসহ প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী অভিযোগ করেন, তিনি তার চার মেয়ের নামে জমি লিখে দেওয়ায় তার সৎ ছেলে ও সৎ নাতিরা ক্ষুব্ধ ছিলেন। সম্পত্তির অংশ না পাওয়ায় তারা দীর্ঘদিন ধরে তাকে মারধর ও বাড়ি থেকে বিতাড়িত করার হুমকি দিয়ে আসছিলেন। এর জেরেই তার বসতঘরে আগুন দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় নুরেদা বেগম তার সৎ ছেলে শাজাহান, নাতি মো. সাইফুল, আমিনুল হকসহ আটজনের নাম উল্লেখ করে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.