জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বিয়ের মাত্র দুই মাসের মাথায় তার এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ওমর সানি মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের সবুজ মিয়ার ছেলে। স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে ময়মনসিংহে এক তরুণীকে ভালোবেসে বিয়ে করেন ওমর সানি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মাদারগঞ্জ পৌর এলাকার হাওয়াই রোডের ব্রিজ সংলগ্ন সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দুটি ইজিবাইকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান।
তবে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার আগেই ওমর সানির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শামীম ইফতেখার।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বিয়ের মাত্র দুই মাসের মাথায় ওমর সানির এমন মৃত্যুতে তার পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.