চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা সুবীর কুমার ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল মুরাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মানস কুমার তালুকদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আড়ুয়াবর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস হোসেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, “সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। তাই প্রতিটি নাগরিককে সাক্ষরতার আওতায় আনার পাশাপাশি শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি।”
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.