দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, লংমার্চের দাবি ও পরবর্তী সময়ে সংসদে দেওয়া বক্তব্যের মধ্যে জামায়াতে ইসলামীর আমীরের দ্বিমুখী অবস্থান দেখা যাচ্ছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদ্রাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে চরমোনাই পীর বলেন, জামায়াতে ইসলামীর লোগো থেকে ‘আকিমুদ্দীন’ কথাটি সরিয়ে ফেলা হয়েছে। এতে সেখানে ‘ইসলাম’ কথাটিও থাকে না বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, গত নির্বাচনের ইশতেহারে জামায়াতে ইসলামী ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কথা উল্লেখ করেনি। পাশাপাশি জামায়াতের আমীর প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেছিলেন বলেও দাবি করেন তিনি। এসব কারণে জামায়াতে ইসলামীকে আর ইসলামী দল বলা যায় কি না—এ নিয়ে প্রশ্ন তোলেন রেজাউল করীম।
তিনি বলেন, “জামায়াতে ইসলামী বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে লংমার্চ করেছে। সেখান থেকে ফিরে সংসদে দলের আমীর বলেছেন, বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়। তাহলে এত তেল-গ্যাস পুড়িয়ে লংমার্চ কেন করলেন? এমন দ্বিমুখী আচরণ কেন?”
রেজাউল করীম আরও বলেন, বিএনপি নির্বাচনের আগে ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবে না বলে ওয়াদা করেছিল। কিন্তু সেই ওয়াদা রাখা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। সংসদে এরই মধ্যে শরিয়াবিরোধী আইন অনুমোদন দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “তারা শরিয়াবিরোধী আইন থেকে ফিরে না এলে আমরা প্রতিবাদে নামতে বাধ্য হবো।”
বর্তমান সরকারের সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, “গত নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ছিল, তবুও আমরা মেনে নিয়েছি। কিন্তু অন্তর্বর্তী সরকার আমলের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ এখন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। মনে হচ্ছে পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি আমরা।”
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া শাখার সভাপতি আব্দুল্লাহ আখন্দ ও সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.