ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের কানাইপুরের হোগলাকান্দিতে ব্যবসায়ী শামীম আহমেদ মুকুটের বাড়িতে হামলা, ভাঙচুর এবং ৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা হয়েছে। সোমবার রাতে কোতোয়ালি থানায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে মামলাটি করা হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার দুপুরে সৌরভ মোল্লার নেতৃত্বে ২০-২৫ জন আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা ও হাতুড়ি নিয়ে ব্যবসায়ী শামীম আহমেদ মুকুটের হোগলাকান্দির বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা বাড়িতে ত্রাস সৃষ্টি ও ভাঙচুর চালিয়ে ঘরে থাকা ৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই কোটি টাকা নিয়ে যান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীদের তাণ্ডবের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুললে তারা পালিয়ে যায়।
শামীম আহমেদ মুকুটের পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে বাড়িতে থাকা একটি প্রাইভেটকারের কক্ষের তালা ভাঙার চেষ্টা করে। এ সময় শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে তারা মালিকানাধীন কে বি ব্রিকসে গিয়ে হিসাব-সংক্রান্ত ফাইলপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয় বলে পরিবারের সদস্যরা জানান।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, “মামলা রুজু হওয়ার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। এজাহারভুক্ত ব্যক্তিদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, তা তদন্ত করে বলা যাবে।”
অভিযুক্ত সৌরভ মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। প্রকাশ্যে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.