সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভীন।
সভায় কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার, বর্তমান পরিস্থিতি ও প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেল।
তিনি জানান, এ পর্যন্ত কাজিপুরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে মোট ৪৬৭ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত মাসে ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও জানান, আক্রান্তদের বেশির ভাগই ঢাকা ও গাজীপুর থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিজ এলাকায় ফিরে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তবে জেলার অন্যান্য উপজেলার তুলনায় কাজিপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান, সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু প্রমুখ।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.