দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাপ্পু হোসেন (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর স্থানীয়রা নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের শুকারঘাট এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিহত পাপ্পু হোসেন চিলমারী বাজারপাড়া এলাকার মনির খানের ছেলে। সে জোতাশাহী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পাপ্পু হোসেনসহ চার বন্ধু মোটরসাইকেলে করে শুকারঘাট এলাকায় যায়। সেখানে তারা পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর গভীর পানিতে পাপ্পু তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাকে খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় চার ঘণ্টা খোঁজাখুঁজির পর ডুবে যাওয়ার স্থান থেকে আনুমানিক ৩০ ফুট দূরে নদীর প্রায় ১৫ ফুট গভীর তলদেশ থেকে পাপ্পুর মরদেহ উদ্ধার করা হয়। বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানান।
ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে উদ্ধারকাজে সহযোগিতা করে। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা মরদেহ উদ্ধার করায় তাদের ফিরে যেতে হয়।
ঘটনাস্থলে উপস্থিত চিলমারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেন বলেন, “বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পাপ্পু পদ্মা নদীতে তলিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ও পুলিশের উপস্থিতিতে প্রায় চার ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।”
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, স্কুলছাত্র নিখোঁজ হওয়ার খবর পেয়ে চিলমারী ইউনিয়নের বিট অফিসারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় প্রায় চার ঘণ্টা খোঁজাখুঁজির পর পাপ্পুর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, “পদ্মা নদীতে গোসল করতে নেমে এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে দল পৌঁছানোর আগেই স্থানীয়রা মরদেহ উদ্ধার করায় তাদের ফিরে আসতে হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.