মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারী বিলে মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের ৪০টি অবৈধ চায়না দুয়ারী (রিং) জাল ও পাঁচটি কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এবং সংশ্লিষ্ট বিধিমালা-১৯৮৫-এর আলোকে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার নেতৃত্বে পরিচালিত অভিযানে রৌমারী বিলের বিভিন্ন স্থান থেকে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে মেলান্দহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চায়না দুয়ারী ও কারেন্ট জাল মৎস্য সম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব জালে ছোট-বড় মাছের পাশাপাশি রেণু পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে আটকা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
সংশ্লিষ্টরা জানান, মৎস্য সম্পদ রক্ষা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে উপজেলার বিভিন্ন বিল, নদী ও জলাশয়ে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রৌমারী বিলসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধ করা গেলে দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি এবং মৎস্য সম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.