দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া একাদশকে ৩-০ গাদনের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ধর্মদহ ইয়াং স্টার।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ধর্মদহ মালিথাপাড়া গ্রামের মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকেই ধর্মদহ ইয়াং স্টারের খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্য ও কৌশল প্রদর্শন করেন। তাদের আক্রমণাত্মক খেলায় নওপাড়া একাদশ তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। শেষ পর্যন্ত ৩-০ গাদনের বড় ব্যবধানে জয় পায় স্বাগতিক দল।
ঐতিহ্যবাহী এ খেলা দেখতে দুপুরের পর থেকেই মাঠে জড়ো হতে থাকেন আশপাশের গ্রামের শত শত ক্রীড়াপ্রেমী দর্শক। দর্শকদের মুহুর্মুহু করতালি ও উল্লাসে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
খেলা শেষে আয়োজক কমিটির সভাপতি রাশিক ও কমিটির অন্যান্য সদস্য বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন ধর্মদহ ইয়াং স্টারের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও একটি খাসি ছাগল এবং রানার্স-আপ নওপাড়া একাদশের হাতে রানার্স-আপ ট্রফি ও একটি রাজহাঁস তুলে দেওয়া হয়।
আয়োজক কমিটির সভাপতি রাশিক বলেন, “গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখা এবং তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের সুযোগ করে দিতেই ১৬ দলের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামীতেও এ ধরনের লোকজ ও ঐতিহ্যবাহী খেলার আয়োজন অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.