বরগুনা প্রতিনিধি
রোগী, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা পরিবেশ নিশ্চিত এবং সংক্রমণ প্রতিরোধে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে বিভিন্ন ধরনের ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (IPC) সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. মোহাম্মাদ আবুল ফাত্তাহের কাছে হস্তান্তর করেন বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা।
হস্তান্তর করা সামগ্রীর মধ্যে রয়েছে ৫২ রোল সিফা কটন (২০০ গ্রাম), ১০৫ বক্স গেটওয়েল ফেস মাস্ক, ৭৬ বক্স শ্রিত্রাং এক্সামিনেশন গ্লাভস, ৮২ বোতল ক্লিনসল হ্যান্ড স্যানিটাইজার এবং ৩৯ গ্যালন ক্লিন লিকুইড হ্যান্ডওয়াশ।
রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, দেশের বিভিন্ন জেলায় হাম (Measles) রোগের প্রাদুর্ভাব মোকাবিলা এবং আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব IPC সামগ্রী সরবরাহ করা হচ্ছে। এরই অংশ হিসেবে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালেও এসব সামগ্রী দেওয়া হয়েছে।
সামগ্রী হস্তান্তরকালে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘রেড ক্রিসেন্ট সবসময় দুর্যোগ ও জরুরি পরিস্থিতির পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়ে থাকেন। তাদের সুরক্ষা ও সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, এ ধরনের সহযোগিতা হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও নিরাপদ ও কার্যকর করতে সহায়ক হবে।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. মোহাম্মাদ আবুল ফাত্তাহ রেড ক্রিসেন্টের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এসব সামগ্রী হাসপাতালের স্বাস্থ্যসেবা ও সংক্রমণ নিয়ন্ত্রণ কার্যক্রমে যথাযথভাবে ব্যবহারের আশ্বাস দেন।
এ সময় বরগুনার পুলিশ সুপার মো. কুদরত ই খুদা, বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এবিএম গোলাম হায়দার নীলু, ইউনিটের সদস্য এজেডএম সালেহ ফারুক, ইউনিট লেভেল অফিসার আবদুল করিম, যুব প্রধান আবদুর রহমান সজিব, উপ যুব প্রধান মো. সজিব হোসেনসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের বিভিন্ন দুর্যোগ ও জনস্বাস্থ্য সংকটে মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা, সচেতনতা বৃদ্ধি ও সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.