একে.মিলন,সুনামগঞ্জ প্রতিনিধি
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ‘মব কালচার’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জাতি বিভক্তি ও অর্থনীতির ক্ষেত্রে ড. ইউনূস সংকটময় মুহূর্তে দেশে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে জাতিকে বিভাজিত করে জাতীয় ঐক্য নষ্ট করেছেন এবং দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন।’
গণতন্ত্রের স্বার্থে সংকটের সময়েও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘মেটিকুলাস ডিজাইনে’ রংপুরের মতো স্থানেও জি এম কাদেরের মতো নেতাকে হারিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে ছাড়া সংসদ অকার্যকর হয়ে পড়েছে। বর্তমানে সংসদে কোনো সংসদীয় চর্চা হচ্ছে না, ফলে জনরোষ বাড়ছে। দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে হুসেইন মুহম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টির কোনো বিকল্প নেই।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিন। সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল।
সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এ সময় জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.