হুমায়ন কবির মিরাজ, বেনাপোল (যশোর) প্রতিনিধি
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নারী-পুরুষ। দালালের প্রলোভনে ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মামলায় আটক হয়ে প্রায় এক থেকে দুই বছর কারাভোগের পর পরিবারের কাছে ফেরার সুযোগ পেয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তাঁদের বাংলাদেশে ফেরত পাঠায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা ৪৭ বাংলাদেশিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন। দেশে ফেরা ৪৭ জনের মধ্যে চারজন নারী ও ৪৩ জন পুরুষ রয়েছেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, প্রায় এক থেকে দুই বছর আগে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে এসব বাংলাদেশি ভারতের তামিলনাড়ুসহ বিভিন্ন এলাকায় পাড়ি জমান। সেখানে অবস্থানকালে তাঁরা ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তামিলনাড়ুর সালেমের আত্তূর ও ত্রিচি ক্যাম্প নামে দুটি বেসরকারি সেল্টার হোমে তাঁদের আশ্রয় দেওয়া হয়।
তিনি আরও জানান, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগের পর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার তাঁদের দেশে ফেরত আনা হয়।
দেশে ফেরা এসব বাংলাদেশির বাড়ি নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায়।
বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাঁদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। পরে থানা থেকে মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামে তিনটি এনজিও সংস্থা তাঁদের গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.