গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় শারমিন ক্লিনিকের সামনে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত রহমান বাবু (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। এ ঘটনায় আসাদুল ইসলাম (৩১) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহত আরাফাত রহমান বাবু দুই সন্তানের জনক। তিনি আশোকাঠী গ্রামের বাসিন্দা এবং বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে। আহত আসাদুল ইসলামও আশোকাঠী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী তাজবী পরিবহন ঘটনাস্থলের স্পিড ব্রেকার অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলটি বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাফাত রহমান বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আসাদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, একই মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পৃথক দুর্ঘটনায় মেহেদী হাসান তুরাগ (৩২) নামে আরেক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত তুরাগ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে। তিনি বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতির ছোট ভাই।
তুরাগের সঙ্গে থাকা বন্ধু তরিকুল ইসলাম জানান, রাতে চার বন্ধু দুটি মোটরসাইকেলে ঢাকা থেকে বাবুগঞ্জের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। পথে গৌরনদীর কটকস্থল এলাকায় পৌঁছালে তুরাগের চালানো মোটরসাইকেলটি মহাসড়কের মাঝখানে থাকা একটি খাদে পড়ে যায়। এতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তুরাগ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবারের দুর্ঘটনায় জড়িত যান দুটি আটক করা হয়েছে। তবে বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার পর সংশ্লিষ্ট ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। উভয় ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.