সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বঙ্গোপসাগরসংলগ্ন বাগেরহাটের পূর্ব সুন্দরবনের নারিকেলবাড়িয়া এলাকায় হরিণ শিকারের ৪ বস্তা মালাফাঁদসহ একটি ফিশিং ট্রলার জব্দ করেছে বন বিভাগ। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা সাতজন হরিণ শিকারি নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে সুন্দরবনে উঠে গহীন অরণ্যে পালিয়ে যায়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নিয়মিত টহলের সময় এ অভিযান চালানো হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহল দেওয়ার সময় বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় একটি ফিশিং ট্রলার দেখতে পান। এ সময় ট্রলারটি থামার জন্য সংকেত দেওয়া হলে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা সাতজন নদীতে লাফিয়ে পড়ে।
পরে তারা সাঁতরে সুন্দরবনের তীরে উঠে গহীন অরণ্যে পালিয়ে যায়। এদিকে সাগরের ঢেউয়ের তোড়ে ফিশিং ট্রলারটি ডুবতে শুরু করলে বনরক্ষীরা দ্রুত সেটিকে উদ্ধার করে অর্ধডুবন্ত অবস্থায় শেলারচরে নিয়ে যান।
এ সময় ট্রলারে থাকা কয়েকটি ককশিট ভর্তি বরফসহ শিকারিদের অন্যান্য সরঞ্জাম সাগরে ভেসে যায়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে হরিণ শিকারের ৪ বস্তা মালাফাঁদ জব্দ করা হয়।
বন বিভাগ জানিয়েছে, পালিয়ে যাওয়া হরিণ শিকারিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.