মনিরামপুর (যশোর) প্রতিনিধি
সংগঠনের কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব করতে ‘মনিরামপুর সমিতি ঢাকা’র ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে সমিতির সদস্যদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ, ব্যবস্থাপনা ও নিয়মিত হালনাগাদ করা যাবে। পাশাপাশি সদস্যদের সঙ্গে দ্রুত যোগাযোগ, তথ্য প্রদান এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
ভবিষ্যতে এ প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন অনলাইনভিত্তিক সেবা চালুরও উদ্যোগ রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। শুক্রবার বিকেলে সমিতির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সদস্যবান্ধব করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সাধারণ সম্পাদক আতাউর রহমান কনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সমিতি ভবিষ্যতেও বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। এর অংশ হিসেবে মনিরামপুর উপজেলার বন্যাকবলিত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমিতির পক্ষ থেকে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।
মেডিকেল ক্যাম্প পরিচালনা ও বাস্তবায়ন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আব্দুল্লাহ আল মামুনকে। যৌথ আহ্বায়ক এসএম আহসানুজ্জামান, সদস্য সচিব জিয়াউদ্দিন বাবলু এবং যুগ্ম সদস্য সচিব হুমায়ুন কবির সবুজ। কমিটিটি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ, ক্যাম্পের স্থান ও সময় নির্ধারণ এবং রোগীদের সেবা কার্যক্রম তদারক করবে।
অন্যদিকে ত্রাণ পরিচালনা ও বাস্তবায়ন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আব্দুল ওয়াহাবকে। যৌথ আহ্বায়ক নজমুল হক টিটো, সদস্য সচিব মো. সালাউদ্দিন এবং যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লাহ। এ কমিটি ক্ষতিগ্রস্ত পরিবার শনাক্তকরণ, ত্রাণসামগ্রী সংগ্রহ ও প্যাকেজিং, পরিবহন, বিতরণ এবং সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.