নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শনিবার (১২ সেপ্টেম্বর) সারাদেশে একযোগে ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। তিন মাসব্যাপী এ অভিযানের লক্ষ্য এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানো।
সকালে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম, আলোচনা সভা, র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী টরর্কী বন্দর ও টরর্কী-বাসাইল খালে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ডাস্টবিন না রাখার বিষয়ে সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীমসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পটুয়াখালীর দুমকিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অভিযানের উদ্বোধন করা হয়। এর আগে সমন্বয় সভায় ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীসহ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা জানান, শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়—বাড়ির চারপাশ পরিষ্কার ও জমে থাকা পানি অপসারণে সবার অংশগ্রহণ জরুরি।
নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান হয়। ইউএনও মো. মনিরুজ্জামান সভাপতিত্ব করেন। তিনি বলেন, প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে; জনগণের সম্পৃক্ততা ছাড়া সফলতা সম্ভব নয়। নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
রাজশাহীর চারঘাটে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। সভাপতিত্ব করেন ইউএনও জান্নাতুল ফেরদৌস। জমে থাকা পানি ও ময়লা অপসারণের পাশাপাশি সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। অভিযান তিন মাস চলবে বলে জানানো হয়।
বাগেরহাটের কচুয়ায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও আমির সালমান রনি। তিনি বলেন, সচেতনতার কোনো বিকল্প নেই। বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখার দায়িত্ব সবার। লিফলেট বিতরণও করা হয়।
রংপুরের কাউনিয়ায় সচেতনতামূলক র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। ইউএনও পাপিয়া সুলতানার নেতৃত্বে জমে থাকা পানি, আগাছা ও বর্জ্য অপসারণ করা হয়। প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন।
জয়পুরহাটের কালাইয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে উদ্বোধন হয়। পরে চত্বর ও আশপাশে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয় এবং লিফলেট বিতরণ করা হয়। ইউএনও ফয়সাল আহমেদ বলেন, মশার লার্ভা জন্মানোর স্থানগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ করলে ডেঙ্গুমুক্ত কালাই গড়া সম্ভব।
নওগাঁর মান্দায় উপজেলা পরিষদ হলরুমে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। তিনি এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জমে থাকা পানি অপসারণে সতর্ক থাকার আহ্বান জানান। ইউএনও আতিয়া খাতুন সভাপতিত্ব করেন।
সব অনুষ্ঠানেই বক্তারা একমত হয়েছেন যে, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য। বাড়ির ছাদ, ড্রেন, পরিত্যক্ত পাত্র ও যেকোনো স্থানে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। অভিযান আগামী তিন মাস ধরে উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে চলবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.