আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হাসান মৃধা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দাবি করেছে, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দেবহাটা থানার দক্ষিণ কোমরপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনের নেতৃত্বে এসআই আল-আমিন, এএসআই সাগর আলী, এএসআই আলাউদ্দীন আলী ও এএসআই ইব্রাহীম রাসেলসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় দক্ষিণ কোমরপুরে শহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে কোমরপুর থেকে পারুলিয়াগামী পাকা সড়কের ওপর থেকে ৩০ পিস ইয়াবাসহ আবুল হাসান মৃধাকে আটক করা হয়।
আটক আবুল হাসান মৃধা দেবহাটা উপজেলার উত্তর কোমরপুর গ্রামের ইয়াজি মৃধার ছেলে।
এ ঘটনায় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আল-আমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছেন। মামলাটির নম্বর ০৫।
দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চলমান অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.