মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে জান্নাতী আক্তার (১১) ও লামিয়া আক্তার (৮) নামে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জান্নাতী মুস্তাইন শেখের মেয়ে এবং লামিয়া মোস্তাক শেখের মেয়ে।
পরিবার ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মোল্লা জসিম উদ্দিন জানান, সকালে দাদী নাছিমা বেগমের সঙ্গে বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় জান্নাতী ও লামিয়া। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানি থেকে দুজনকে উদ্ধার করা হয়।
তাদের দ্রুত চুনখোলা এলাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখান থেকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাদের দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.