আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক লিটন সিকদারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন সিকদারের স্ত্রী রেশমি বেগম বাদী হয়ে উত্তর শিহিপাশা এলাকার রহমান মারামত, রাজু সিকদার ও সিরাজ সিকদারের বিরুদ্ধে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে মাদক ব্যবসায়ীদের তৎপরতায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে, প্রতিদিন সন্ধ্যার পর রহমান মারামত, রাজু সিকদার ও সিরাজ সিকদারের নেতৃত্বে সেখানে মাদক কেনাবেচা চলে। তাঁদের বিরুদ্ধে ইয়াবাসহ মাদকসংক্রান্ত মামলায় একাধিকবার গ্রেপ্তার ও কারাভোগের পর জামিনে বেরিয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে।
সম্প্রতি ওই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসী আগৈলঝাড়া থানায় অভিযোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার সন্ধ্যায় উত্তর শিহিপাশা গুপ্তেরহাট বাজারের মোসাই খানের দোকানের সামনে লিটন সিকদারের পথরোধ করে তাঁকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, “মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.